লিডস বাংলা প্রেসক্লাব সভাপতি এম জি কিবরিয়ার সঙ্গে পোর্টসমাউথ বাংলাদেশী কমিউনিটির মতবিনিময় সভা
নর্থ ইংল্যান্ডের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ, চ্যানেল এস ইউকের ইয়র্কশায়ার ব্যুরো চিফ, প্রথম আলোর সাবেক যুক্তরাজ্য প্রতিনিধি, নেবট্রার সাবেক সভাপতি ও লিডস বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি এম জি কিবরিয়ার সঙ্গে সাউথ ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের এক আনন্দ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মসুদ আহমেদের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক ও পোর্টসমাউথ বাংলাদেশী এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আবু নাসের চৌধুরী রাহী'র সঞ্চালনায় গত সোমবার রাতে পোর্টসমাউথের স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রাণবন্ত এ সভায় সাংবাদিক এম জি কিবরিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- কমিউনিটি নেতা আব্দুল জলিল, আবু শুয়েব তানজাম, ফজলুল মিয়া, সৈয়দ এলাহী পাপ্পু, মুজাহিদ হোসেন রিপন সহ অনেকে।
বক্তারা এম জি কিবরিয়ার দক্ষ সাংবাদিকতা ও সাহসী মানবতাবাদী ভূমিকার প্রশংসা করে বলেন, এম জি কিবরিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু মিডিয়াতে তুলে ধরার মাধ্যমে কমিউনিটি ও হিউম্যানিটির জন্য মূল্যবান অবদান রাখছেনl
জবাবে এম জি কিবরিয়া পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে তার মাস্টার্স ডিগ্রি অর্জনের স্মৃতি রোমন্থন করেন এবং তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় কাটানো পোর্টসমাউথে দীর্ঘদিন পর এসে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক মেহমানদারীতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেনl
সাংবাদিক এম জি কিবরিয়া পোর্টসমাউথের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, এই শহর তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত।
তাই দীর্ঘদিন পর পোর্টসমাউথে ফিরে এসে পরিচিত মানুষ ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিতl
আনন্দ আড্ডা শেষে গভীর রাতে উপস্থিত সবাই মজাদার নৈশভোজ উপভোগ করেন এবং এম জি কিবরিয়ার সাথে ফটো সেশনে অংশ নেনl